রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি: তীব্র শীতে কাঁপছে দেশ। গত কয়েক দিনের তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেনা। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের এই শীত কাবু করে ফেলেছে। এরই মাঝে বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন হাটবাজার ও আশে পাশের ফুটপাতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ পুরাতন শীতের কাপড়ের দোকান। নিম্ন আয়ের মানুষ শীতবস্ত্র কিনতে ভিড় জমাচ্ছেন সেই দোকানগুলোতে। অভিজাত মার্কেট গুলোতে বেচাকেনা কম থাকলেও ফুটপাতে বেড়েছে পুরাতন গরম কাপড়ের বেচাকেনা। আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার রেলগেট পুরাতন কাপড়ের মার্কেট, মুরইল বাজার, নসরতপুর, সাওইল, চাঁপাপুর. কুন্দগ্রাম ও ছাতিয়ানগ্রাম হাট ও বাজারে জমজমাট ভাবে বসেছে পুরতন শীতের কাপড়ের দোকান। ওইসব দোকানে জ্যাকেট, কোট, সুয়েটার, ছালোয়ার, কম্বল, কাঁথা, ছোট শিশুদের বিভিন্ন বয়সের কানটুপি, জামাকাপড়, হাতমোজাসহ হরেক রকম শীতের কাপড় তুলনামুলক কম দামে বিক্রি হয়ে থাকে।উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও গরীব ক্রেতারা কম দামে শীতবস্ত্র পাওয়ার আশায় ভীড় করছেন এইসব পুরাতন কাাপড়ের দোকান গুলোতে। সালগ্রামের রইছ উদ্দিন জানায়, আদমদীঘি বাজারে বিপনী বিতানে একটি জ্যাকেটের দাম চেয়েছিল ২ হাজার ৯০০ টাকা। সেই একই রকম জ্যাকেট পুরাতন কাপড়ের দোকানে কিনেছেন ৫৫০ টাকায়। তেতুলিয়া গ্রামের টুলু জানান, দরিদ্র মানুষের জন্য এই পুরাতন কাপড়ের দোকান খুবই দরকার। অল্প দামে প্রয়োজনীয় শীতের কাপড় এইসব দোকানে মিলে। মার্কেটের দোকানে নতুন শীতের কাপড় বেশি দাম কেনার সামথ্য নেই। তবে গত বছরের তুলনায় এবার দাম একটু বেশি। পুরাতন কাপড় ব্যবসায়ী মতিউর রহমান বলেন, গত বছরের তুলনায় এবার বেশি শীত হওয়ায় বেচাকেনাও বেশি হচ্ছে। শীত যত বেশি হবে বেচাকেনাও বাড়বে। গত বছর মোকামে যে দামে পুরাতন কাপড়ের গাইট কিনেছি। এবার তা প্রায় দ্বিগুন দামে কিনতে হচ্ছে। সে কারণে শীতের কাপড়ের দাম একটু বেশি পড়ছে ক্রেতাদের।







