মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে পৈতুরা এলাকার তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৭০ পিছ ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে এক নারীকে আজ ৯ জানুয়ারী মধ্যরাতে আটক করেছে রাজনগর থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। আটককৃত কুলসুমের দেখানো মতে তার বসতঘরে তল্লাশি করে ২৭০ পিছ গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। রাজনগর থানার অফিসার ইনচার্জ জানান- আজ রাত অনুমান ২টার সময় আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা মজুদ রয়েছে। পরে এসআই সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলি পালিয়ে যায়। আটককৃত কুলসুম এবং পলাতক তঞ্জব আলিকে আসামি করে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। তঞ্জব আলিকে গ্রেফতারের চেষ্টা চলছে।







