মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের রবিরবাজার আঞ্চলিক কমিটি গঠন এবং আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধনের লক্ষ্যে ০১ অক্টোবর বিকেলে বরিবাবাজারের পৃথিমপাশা রোডস্থ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। হোটেল শ্রমিকনেতা মোঃ জিলহজ্ব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ ছাদেক মিয়া। কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্ঠা মোঃ ছাদেয় মুন্সী, সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আশিক খান ও সহ-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ ।
সভায় বক্তারা বলেন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকরা শ্রমআইন অনুযায়ী ৮ ঘন্টা শ্রম দিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানের আইন থাকলেও মালিকরা তা মানে না আবার সরকারও তা বাস্তবায়নে কার্যকরি উদ্যোগ গ্রহণ করে না। এছাড়াও বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ( অদ্যাবধি সংশোধিত) এর ৫ ধারায় নিয়োগপত্র ও পরিচয়পত্র, ৬ ধারায় সার্ভিস বই, ২(১০) ধারায় চাকুরীচ্যূতি জনিত ৪ মাসের নোটিশ পে, প্রতিবছর চাকুরীর জন্য ৪৫ দিনের গ্রাচ্যুয়েটি, ১০৩ ধারায় সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১০৮ ধারায় দৈনিক ৮ ঘন্টা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি প্রদান, ১১৫ ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১১৬ ধারায় ১৪ দিন অসুস্থাতার ছুটি, ১১৭ ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮ ধারায় ১১ দিন উৎসব ছুটি ও উৎসব বোনাস প্রদানের আইন থাকলেও হোটেল শ্রমিকদেরকে এই সকল আইনগত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে। শ্রম আইনে স্বাস্থ্যকর পরিবেশে কাজ ও বাসস্থানের বিধান থাকলেও শ্রমিকরা অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে ও থাকতে বাধ্য হন। হোটেল শ্রমিকরা দৈনিক ১০/১২ ঘন্টা অমানবিক পরিশ্রম করে অর্ধাহারে-অনাহারে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন, যার কারণে হোটেল শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
সভা থেকে মাসিক বেতনের সমপরিমাণ উৎসব বোনাস প্রদান এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন কার্যকর, অবিলম্বে হোটেল-রেস্টুরেন্ট সেক্টরে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে বাঁচার মতো মজুরি নির্ধারণ, দফায় গ্যাস-বিদ্যুত-জ্বালানির মূল্যবৃদ্ধি বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো এবং স্বল্পমূল্যে রেশনিং চালুর দাবি জানান।
সভায় উপস্থিত শ্রমিকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের রবিরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ জিলহজ্ব হোসাইন, সাধারণ মোঃ শাহানুর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠন করান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস।
রবিরবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন এবং অফিস উদ্বোধন
Catagory : মৌলভীবাজার | তারিখ : অক্টোবর, ২, ২০২৪, ৪:১০ অপরাহ্ণ • ৭৮ বার পঠিত






