(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের ভেতরে হঠাৎ এক বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে গিয়ে লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মছির উদ্দিন। স্থানীয়রা জানান দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ যায় না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভেতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাত তলায় উঠে অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানার পর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নওগাঁ আ.লীগ কার্যালয়ে মিলল যুবকের মরদেহ
Catagory : সারা দেশ | তারিখ : মে, ৪, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ • ২৭ বার পঠিত






