আজ-  ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বব্যাপী চলমান শ্রমিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজার ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী সংহতি সভা «» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ; 

বৃটেনে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর রজতজয়ন্তী উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ বছর পূর্তি উপলক্ষে কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার (১১ জুন) কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর নিজস্ব অফিস প্রাঙ্গণে রজতজয়ন্তী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মেয়র, ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর, স্টাফ, স্বেচ্ছাসেবক এবং কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস-এর নিরলস কর্মী ও পরিচর্যাকারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

আর্থিক পারিশ্রমিক ছাড়াই যারা নিরুপায় আত্মীয়দের নিঃস্বার্থ ভালোবাসা ও নিজ দায়িত্বে পরিচর্যা করেন তথা প্রিয়জনদের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন সেসব অবৈতনিক কেয়ারারদের প্রতি সম্মান জানানো অনুষ্ঠানে সভাপতি হাসান চৌধুরীর সূচনা বক্তব্যে সেন্টারের দীর্ঘ পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, আজকের দিনটি কেবল একটি প্রতিষ্ঠানের জন্মদিন নয়, এটি একটি ভালোবাসা ও দায়িত্বের উত্তরাধিকার উদযাপনের দিন। এই ২৫ বছরে যে সেবার বন্ধন গড়ে উঠেছে, তা আমাদের সকলের ঘাম, সময় এবং মমতার ফসল।

রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর সাবিনা আখতার, ক্যাবিনেট সদস্য কাউন্সিলর বদরুল চৌধুরী, ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটির চেয়ার কাউন্সিলর আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর আব্দুল মান্নান, ডাইরেক্টর অব সার্ভিসেস ড্যানিয়েল হুটসন, কেয়ারার ওয়েলবিং ম্যানেজার টনি কলিন্স এবং হেলথ, অ্যাডাল্টস অ্যান্ড কমিউনিটি বিভাগের কর্পোরেট ডিরেক্টর জর্জিয়া চিম্বানি এসময় উপস্থিত ছিলেন। তারা অবৈতনিক পরিচর্যাকারীদের প্রতি তাঁদের অকুণ্ঠ সমর্থন ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

টাওয়ার হ্যামলেটস সিটি মেয়র লুৎফর রহমান তাঁর বক্তব্যে বলেন, আমাদের সমাজে অবৈতনিক কেয়ারাররা এক অনন্য ভূমিকা পালন করছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা এবং মর্যাদা প্রদর্শন শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি আমাদের প্রশাসনের অগ্রাধিকার।

সিইও গ্রাহাম কলিন্স কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের অক্লান্ত শ্রম ও আন্তরিকতা প্রতিদিন অসংখ্য কেয়ারারকে উৎসাহিত করে। আপনারাই এই প্রতিষ্ঠানের প্রাণ।

ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করে ওভারভিউ ও স্ক্রুটিনি কমিটির চেয়ার কাউন্সিলর আব্দুল ওয়াহিদ বলেন, অবৈতনিক কেয়ারাররা কোনো প্রান্তিক গোষ্ঠী নন, তাঁরাই আমাদের সমাজের মেরুদণ্ড। ভবিষ্যতে পাঁচজনের একজন এই দায়িত্ব পালন করবেন,এমন বাস্তবতায় আমাদের কাজ আরও বিস্তৃত হতে হবে।

বিশেষ এক স্মারক মুহূর্তে মেয়র, কেয়ারার্স সেন্টারের চেয়ার, ট্রাস্টি, সিইও, স্টাফ, স্বেচ্ছাসেবক এবং কেয়ারাররা মিলে ২৫ বছর পূর্তির কেক কাটেন, যা অংশীদারিত্ব ও অগ্রগতির প্রতীক হয়ে রইবে বলে মন্তব্য করে সভাপতি হাসান চৌধুরী তাঁর সমাপনী বক্তৃতায় বলেন, প্রত্যেক কেয়ারার গুরুত্বপূর্ণ, আপনারা একা নন আমরা আপনাদের পাশে আছি।

উল্লেখ্য, কেয়ারার্স সেন্টার টাওয়ার হ্যামলেটস দীর্ঘদিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসছে। যার মধ্যে রয়েছে ওয়ান টু ওয়ান পরামর্শ অ্যাডভোকেসি, পিয়ার সাপোর্ট গ্রুপ, স্বাস্থ্য ও মানসিক কল্যাণ বিষয়ক কর্মশালা, অবসরকালীন কার্যক্রম এবং কিশোর কেয়ারারদের জন্য বিশেষ সহায়তা। হাজারো মানুষের জীবনে এই প্রতিষ্ঠান আশার আলো হয়ে উঠেছে। গত বছর সংগঠনটি ২০০০ এর বেশি কেয়ারার সহ তিন হাজারেরও বেশি মানুষকে সহযোগিতা করেছে।