সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাচাউন গ্রামের রুবেল মিয়া ওরফে লোবন মিয়া (৪০) এবং তার স্ত্রী পারুল বেগম (৩৫)।
এসময় তাদের তল্লাশি চালিয়ে রুবেল মিয়ার কাছ থেকে ২শ পিস এবং তার স্ত্রীর কাছ থেকে ৫শ ৫০ পিস ইয়াবা ও ২১ হাজার ৮শ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, অভিযান চলাকালে স্থানীয় দুইজন স্বাক্ষী ও নারী পুলিশ সদস্যের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ও টাকা জব্দ করা হয়।
ছবি ক্যাপশন: শ্রীমঙ্গলে ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার






