শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ শহরের ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি হঠাৎ করে বাড়ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শহরের লিটন ব্রিজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নওগাঁ শাখা জানিয়েছে, ২৪ ঘণ্টায় নদীর পানি প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমার কাছা কাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পাউবো নওগাঁর উপ-সহকারী প্রকৌশলী বিপুল চন্দ্র শিকদার বলেন, “দিনাজপুর ও বালুঘাটে বৃষ্টি বেশি হলে দ্রুত পরিবর্তন হতে পারে। তবে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ায় পানির প্রবাহ এখনও নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। আমরা সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”হঠাৎ পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। অনেকে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার। নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।”তিনি আরও বলেন, “স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীর পাশ ঘেঁষে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।”
নওগাঁয় হঠাৎ বৃদ্ধি পেয়েছে ছোট যমুনা নদীর পানি
Catagory : সারা দেশ | তারিখ : আগস্ট, ১৪, ২০২৫, ৪:০৩ অপরাহ্ণ • ২০ বার পঠিত






