সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুরুতর দগ্ধ হয়েছেন বাবা বশির মিয়া (৫০) ও ছেলে রেদোয়ান (২৪)। এর মধ্যে রেদোয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, বিকেল থেকেই পাইপলাইনে ছিদ্র হয়ে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ছিল। রাত ৯টার দিকে হঠাৎ আগুন ধরে ভয়াবহ শিখা আকাশে উঠে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, রাত সাড়ে ৯টার দিকে আগুনে দগ্ধ বশির মিয়া ও তার ছেলে রেদোয়ানকে প্রাথমিক চিকিৎসার পর মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন,
“প্রথমে অতিরিক্ত তেলের চাপের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। পরে ফোম ব্যবহার করে রাত ১০টা ২৪ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।”
এদিকে বুধবার দুপুরে শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, “মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে দুর্বৃত্তরা পাইপলাইনে অবৈধভাবে ট্যাপিং করলে কনডেনসেট তেল ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আগুন ধরে যায় এবং রাত ১০টা ১৫ মিনিটে তা সম্পূর্ণ নিভে যায়। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। গ্যাস উৎপাদনে কোনো প্রভাব পড়েনি।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোম্পানির জরুরি প্রতিক্রিয়া দল তাৎক্ষণিকভাবে সক্রিয় হয় এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অতীতেও এধরণের ঘটনা ঘটেছিল, সেটার সাথে এঘটনার মিল আছে কি না এব্যাপারে জানতে চাইলে, তিনি উত্তেরে হ্যাঁ বলে জানান।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, থানার ওসি আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, “তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। দগ্ধদের সুচিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।”
স্থানীয়রা জানান, এর আগে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় একই ধরনের সেল তেল চুরির ঘটনা ঘটেছিল। তখনও প্রচুর তেল ছড়িয়ে পড়ে ধানি জমিতে, তবে সেই ঘটনার মামলার কোনো অগ্রগতি হয়নি।
ছবি ক্যাপশন:
১, শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড
২, শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ আগুন নিভাচ্ছে ফায়ার সাভিসের লোকজন
৩, শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এলাকা পুড়ে গেছে।
৪, শ্রীমঙ্গল উপজেলায় শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ছিদ্রকৃত স্থান মেরামত করছেন শেভরণের প্রকৌশলীরা






