আজ-  ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ১ নং রহিমপুর ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন। «» বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক «» কমলগঞ্জে শমশেরনগর বাজারে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড; ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি «» কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত «» শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক «» ১২৭তম বর্ষকে বিদায়, ১২৮তমকে বরণ: কমলগঞ্জের মাগুরছড়ার সবুজ প্রাঙ্গণে খাসিয়াদের রঙিন ‘সেং কুটস্নেম’ «» আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা «» বৃটেনের কাডিফে গ্রেঞ্জটাউন রাইজিং স্টার’স ক্লাব এর  «» বিশিষ্ট সমাজসেবক ও প্রবীন কমিউনিটি লিডার সুহাইল ইবনে আজিজ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ ;  «» মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা

কমলগঞ্জে আনন্দঘন পরিবেশে মণিপুরিদের ঐতিহ্যবাহী ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :

বিবাহিত কন্যাদের সাথে পিতৃগৃহের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা’-২০২৬। উৎসবটিকে ঘিরে উপজেলার মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে বিরাজ করছিল এক অনন্য উৎসবমুখর পরিবেশ।

মণিপুরি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ‘হিয়াংগেই’ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে 

মণিপুরি কালচারেল কমপ্লেক্সে, পেট্রিওটিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরী ইয়ুথস ফোরাম বাংলাদেশ। উৎসবে যোগ দিতে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই বিবাহিত মণিপুরি নারীরা (নিংঙোল) ঐতিহ্যবাহী পোশাক ফানেক ও ইন্নাফি পরে এবং হাতে ফলমূল ও মিষ্টান্ন নিয়ে উৎসবস্থলে সমবেত হতে থাকেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা নিংঙোলদের সাদরে বরণ করে নেন এবং ঐতিহ্যবাহী মণিপুরি খাবারের এক বিশাল ভোজের আয়োজন করেন। ভোজের মেন্যুতে মাছের হরেক রকম পদের পাশাপাশি স্থান পায় ঐতিহ্যবাহী ইরোম্বা, সিঞ্জু, উতি ও চামফুত এর মতো ঐতিহ্যবাহী পদ। খাওয়া-দাওয়া শেষে আয়োজকেরা তাঁদের হাতে নতুন পোশাক ও উপহারসামগ্রী তুলে দেন। বিনিময়ে নিংঙোলরা তাঁদের ভাই, পিতা মাতা ও আয়োজকদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আশীর্বাদ করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ইয়ুথ ফোরামের কালচারাল সেক্রেটারি জয়া শর্মা।

নিংঙোল চাকৌবা উৎসব কমিটির আহ্বায়ক ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে ও সমাজকর্মী অশোক অঙোমচার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম, মণিপুর এর সম্পাদক রাকেশ নাওরেম, পিএডব্লিউএফ (PAWF), গুয়াহাটি শাখা, আসাম এর সম্পাদক রাজু মাইবাম প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ।

মণিপুরি ভাষায় ‘নিংঙোল’ অর্থ বিবাহিত নারী (মেয়ে বা বোন) এবং ‘চাকৌবা’ অর্থ ভোজের নিমন্ত্রণ। এটি মূলত ভাই-বোন এবং পিতৃগৃহের সাথে বিবাহিত নারীদের ভালোবাসার বন্ধন অটুট রাখার একটি সামাজিক উৎসব। প্রতি বছর মণিপুরি পঞ্জিকার ‘হিয়াঙ্গেই’ (Hiyangei) মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে (ইংরেজি অক্টোবর-নভেম্বর মাসে) এই উৎসব পালিত হয়। স্থানীয়ভাবে দিনটি ‘হিয়াঙ্গেই নিনি পানবা’ নামেও পরিচিত। প্রাচীন মণিপুরের রাজা নোংদা লাইরেন পাখাংবার শাসনামল থেকে এই প্রথার প্রচলন শুরু হয় বলে লোককথায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে রাজা চন্দ্রকীর্তি সিংহের আমলে এটি আরও বড় সামাজিক ও রাষ্ট্রীয় উৎসবে রূপ নেয়।