সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আদালতের নির্দেশে ব্যাংকের প্রকাশ্য নিলামে মেসার্স সম্রাট ফিলিং স্টেশনের জমি ও সংশ্লিষ্ট সম্পত্তি ক্রয় করে মালিকানা অর্জনের দাবি করেছেন শেখ আহমদ আফজাল। তবে নামজারিসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরও সম্পত্তির শান্তিপূর্ণ ভোগদখল নিয়ে জটিলতার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পাওনা আদায়ে মৌলভীবাজার অর্থঋণ আদালতে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৫৮ শতক জমি ও তৎসংলগ্ন সম্পত্তি ক্রয় করেন।
তিনি জানান, ২০২৩ সালের ১৮ মে আদালত তাঁর অনুকূলে নিলাম বিক্রয় সার্টিফিকেট প্রদান করেন। পরবর্তী সময়ে দলিল নিবন্ধন, নামজারি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমও সম্পন্ন করেন।
শেখ আহমদ আফজালের অভিযোগ, আইনানুগভাবে সম্পত্তি ক্রয় ও মালিকানার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও একটি মহল অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা এবং অপপ্রচার চালাচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে আইন ও আদালত রয়েছে। হুমকির জবাবে হুমকি দিয়ে কোনো কাজ হবে না। আদালত যে নির্দেশনা দেবেন, আমি তা মেনে চলব।’
সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত ঘটনা যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন
শেখ আহমদ আফজাল






