আজ-  ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন।  «» হাফিজ সাইদুর রহমানের কবর জিয়ারত করলেন সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ «» ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে’র ২০ বছর পূর্তি উদযাপন «» প্রাইম টিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন রুমান আহমদ

ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

দুই দফায় পাঁচ দিন কর্মবিরতি ও অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণার পর অবশেষে ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সন্ধ্যা থেকে কিছু শ্রমিক কাজে যোগ দিলেও শনিবার থেকে বাগানে পুরোদমে কাজ শুরু হচ্ছে। প্রশাসনের উদ্যোগে শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তির পর বাগান চালুর এ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শ্রমিক প্রতিনিধি, বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, খেজুরীছড়া চা বাগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পরিবেশ বজায় রেখে পূজা উদযাপন করা হবে। এ বিষয়ে স্থায়ী সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করবে।

এ ছাড়া বাগানের মন্দিরের চলমান সংস্কার ও উন্নয়নকাজ এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সম্ভবপর বরাদ্দ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, বাগানের ডিজিএম ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়—এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। এ ধরনের অভিযোগের উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ফিনলে কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে অপসারণ, অন্যত্র বদলি অথবা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পর এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কোনো পক্ষের বিরুদ্ধে বিরূপ প্রভাব বা প্রতিক্রিয়া সৃষ্টি করা হবে না বলেও উভয় পক্ষ সম্মত হয়।

সভায় শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন বৃতেশ বোনার্জী, পরিমল তাঁতী ও ডালিম বোনার্জী। বাগান কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ফিনলে হাউজের ইঞ্জিনিয়ারিং বিভাগের মহাব্যবস্থাপক কে কে সাদেক এবং ডিনস্টন ডিভিশনের ডিজিএম মো. হুমায়ুন কবির মজুমদার।

মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নূরুল আলম সিদ্দিকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ, বিএনপি নেতা মোহাম্মদ ইয়াকুব আলী এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।

এর আগে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ফিনলে কর্তৃপক্ষের ১২ নভেম্বর স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শ্রমিকদের ধর্মঘটের পর ১২ নভেম্বরও শ্রমিকরা কাজে যোগ দেননি। একই সঙ্গে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা, সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি-ধমকি দিয়ে কাজ থেকে বের করে আনার অভিযোগ করা হয়।

নোটিশে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা উল্লেখ করে ১৩ নভেম্বর থেকে বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে পলিপ্যাক কারখানা, সেন্ট্রাল ওয়ার্কশপ ও স্টোর, বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত শ্রমিক, চৌকিদার এবং বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগে কর্মরত নির্দিষ্ট শ্রমিকদের এ বন্ধের আওতামুক্ত রাখা হয়েছিল।

অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান হওয়ায় বাগানে কর্মচাঞ্চল্য ফিরে আসার পাশাপাশি শ্রমিক ও কর্তৃপক্ষের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা