দীপ্তনিউজ ঃ
মৌলভীবাজারে নদ-নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ ও বাস্থবায়নের দাবিতে “মনু ও ধলাইপাড়ের জনগোষ্ঠী” ব্যানারে পানি উন্নয়ন বোর্ডের অফিস সম্মুখ সড়ক অবরোধ করে ‘অবস্থান কর্মসুচি’ পালন করেছে আজ ৪ জুলাই। সকাল ১১টা থেকে এ কর্মসুচি শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত।‘‘মনু বাঁচাও,ধলাই বাঁচাও, বাঁচাও প্রতিবেশ” এই স্লোগান নিয়ে জেলার অর্ধশতাধীক সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবি সংগঠন খন্ড খন্ড মিছিল সহকারে একত্রিত হয়ে এই কর্মসুচিতে অংশগ্রহন করেন। পরিবেশ আন্দোলনের নেতা আ.স.ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও কয়ছর আহমদের পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন- দীর্ঘদিন থেকে নদী খনন ও মেরামত না করায় মনু ও ধলাই নাব্যতা হারিয়েছে। প্রতিরক্ষা বাঁধগুলোও দূর্বল। যার ফলে এই জেলা প্রতিবছরই বন্যাক্রান্ত হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে ঘরবাড়ি ক্ষেত কৃষিসহ হাজার কোটি টাকার সম্পদ। এবছর আকস্মিক বন্যায় মনু,ধলাই ও কুশিয়ারার ভেঙ্গে যাওয়া বাঁধ এখনো মেরামত না হওয়ায় ফের বন্যা ঝুঁকিতে রয়েছেন এজেলার মানুষ। জেলাকে বন্যা সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধানের জন্য অবিলম্বে মনু ও ধলাই নদী খনন এবং স্থায়ী বাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণ ও বাস্থবায়ন, জেলার অন্যান্য নদ-নদী ও হাওরের ভরাট হওয়া বিলসমুহ খননের জোর দাবি জানানো হয়। কর্মসুচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ করা হয়।






