কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার::ধনী অথবা গরিব সকলের কাছেই গুরুত্বপূর্ণ প্রকৃতির ডাকে সাড়া দেওয়া । কিন্তু ব্যস্ত জীবন যাপন আর দ্রুততার সাথে চলাচল মানুষের দৈনন্দিন জীবন যাপনে পড়ছে প্রভাব ।পর্যটন নগরী শ্রীমঙ্গলে নগরীর গুরুত্বপূর্ণ পাবলিক টয়লেটের অবস্থা খুবই শোচনীয় । ভেতরের পরিবেশ অন্ধকার ও স্যাঁতস্যাঁতে দুর্গন্ধে পরিপূর্ণ । মেঝের যত্রতত্র পানি জমে থাকা । দেয়ালজুড়ে লেখা অশ্লীল সব কথাবার্তা । এই ভয়াবহ পরিবেশের মধ্যেই নগরবাসীকে সারতে হয় টয়লেটের কাজ । শ্রীমঙ্গল পৌরসভার আওতাধীন শহরের স্টেশন রোড, নতুন বাজার এবং সাগরদিঘি রোড মাছ বাজারে অবস্থিত গণশৌচালয়টি শহরের জনগোষ্ঠী ব্যবসায়ী ও শহরে আগত পর্যটকদের একমাত্র ভরসা ।
কিন্তু বাড়তি জনসংখ্যার চাপে অসহায় হয়ে পড়ছে পাবলিক টয়লেট গুলি, মাত্র তিনটি পাবলিক টয়লেট দিয়ে এই বৃহত জনগোষ্ঠী এবং পর্যটকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না । পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পাবলিক টয়লেট ইজারাদারদের ।
এদিকে রাস্তায় বেরিয়ে প্রয়োজনবোধ করলেও অনেকে টয়লেট ব্যবহারের সুযোগ পাচ্ছেন না । এতে নগরবাসীর কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে । অনেক সময় অবস্থানগত কারণে টয়লেট ব্যবহার উপযোগী হয়ে উঠছে না । শৌচাগারের অপ্রতুলতায় যেখানে সেখানে মল মূত্র ত্যাগ করে দূষিত হচ্ছে পরিবেশ । নগরী হারাচ্ছে তাঁর আপন সৌন্দর্য ।
একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন মাজেজুর রহমান । তিনি জানান, চাকরির প্রয়োজনে দিনের বেশিরভাগ সময় বাইরে কাটে তার । অনেক সময়ই টয়লেটের প্রয়োজনীয়তা অনুভব করেন । কিন্তু আশেপাশে টয়লেটের ব্যবস্থা না থাকলে খোঁজ করেন শপিং মল বা মার্কেটের, সেখানেই কাজ সারেন তিনি।
আবার পুরুষদের জন্য পাবলিক টয়লেট ব্যবহার খানিকটা সহজ হলেও সেগুলো একেবারেই নারীবান্ধব নয় । এক্ষেত্রে নারীদের সমস্যায় পড়তে হয় বেশি । কাঁচা বাজার ব্যবসায়ী মোঃ রানা আহমেদ বলেন শহরের কাঁচা বাজার ও মাছ ব্যবসায়ীদের টয়লেট ব্যাবহারের একমাত্র উপায় পৌরসভার পাবলিক টয়লেট গুলি । কিন্তু অতিরিক্ত মানুষের চাপে ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে থাকতে হয় ব্যবসায়ীদের যা খুবই বিরক্তিকর ।
এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম এই প্রতিবেদককে মুঠোফোনে জানান শ্রীমঙ্গল পৌরসভার আওতাভুক্ত তিনটি পাবলিক টয়লেট বাৎসরিক ডাকের মাধ্যমে ইজারা দেওয়া হয় । এবং পৌরসভার উদ্যোগে পাবলিক টয়লেটের আধুনিকায়ন সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।






