কে এস এম আরিফুল ইসলাম, মৌলভীবাজার:: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জের ধরে সদর ইউনিয়নের ইসলামাবাদ বালুরচড় গ্রামের মৃত মোঃ জয়নাল আবেদীনের পুত্র মোঃ কামাল হোসেন (২৫) কে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করেছেন কামাল হোসেনের বড় ভাই আনোয়ার হোসেন।
বুধবার(৭নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানা যায়।
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত মোঃ কামাল হোসেন এই প্রতিবেদককে জানান, বুধবার(৭ নভেম্বর) সকালে তিনি তার বড় ভাই মোঃ আনোয়ার হোসেনের নিকট পাওনা টাকা চাইতে গেলে আনোয়ার হোসেন তা দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন দুজন। এসময় আনোয়ার হোসেন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরবর্তীতে একই পরিবারের সদস্য মোঃ জামাল মিয়া ও দেলোয়ার হোসেন সংঘবদ্ধ হয়ে তাকে নির্যাতন করে। পরে প্রতিবেশীদের সাহায্যে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন টিটো বলেন, আমাদের কাছে আহত কামাল হোসেনকে নিয়ে আসার পর আমরা তাকে দ্রুত জরুরি সেবা প্রদান করি। কামাল হোসেনের মাথায় ক্ষতস্থানে দুইটি সেলাই দিতে হয়েছে । অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা হতে পারে ।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এএসআই শাকির হোসেন জানান, এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
উল্লেখ্য, বিগত দুই মাস পূর্বে মোঃ কামাল হোসেন তার বড় ভাই আনোয়ার হোসেনের নিকট পাওনা টাকা আদায়ে অসমর্থ হয়ে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির দ্বারস্থ হন। পরে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির মধ্যস্থতায় মোঃ আনোয়ার হোসেন কে মোঃ কামাল হোসেনের পাওনা আটলক্ষ টাকা পরিশোধ করতে বলা হয় ।






