এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাণিজ্যের মহোৎসব চলছে। শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী ২০১৯ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার ফরম ফি’র সঙ্গে বকেয়া বেতন, কোচিং, মডেল টেস্টের নামে বাড়তি কোনো টাকা আদায় করা যাবে না। ফরম পূরনে বোর্ড নিধারির্ত ফি ছাড়াও কোচিং, জানুয়ারী-ফেব্রুয়ারী মাসের বেতন, উন্নয়ন ফিসহ আনুষঙ্গিক খাত দেখিয়ে দ্বিগুণ পরিমান ফি ধার্য্য করে পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অথচ বকেয়া বেতন আদায় করতে হলে নির্বাচনী পরীক্ষার আগে করে নিতে হবে। কিন্তু এই নির্দেশনা মানা হচ্ছে না। ফলে অতিরিক্ত টাকা দিতে না পারায় দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ফরম পূরণ করা অসম্ভব হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মর্জ্জিমাফিক ফি আদায় করার ফলে পরীক্ষার্থী-অভিভাবকগণ তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে। সেই সাথে বাড়তি টাকা নেয়ার কোনো প্রকার রশিদ দেয়া হচ্ছে না বলে আরও অভিযোগ উঠেছে। যেন দেখার কেউ নেই!
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, মানবিক শাখায় নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৭শ’ ২৫ টাকা এবং বিজ্ঞান শাখায় ১ হাজার ৮শ’ ৪৫ টাকা হারে ফি আদায় করে বোর্ডে জমা দেয়ার কথা। তবে উপজেলার ২১টি বিদ্যালয়ে ফরম পূরনের নির্ধারিত ফি ছাড়াও কোচিং এর জন্য ৬শ’ থেকে ১ হাজার টাকা, জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন, অনলাইনে কার্যক্রম, প্রিন্ট-ফটোষ্ট্যাট, বোর্ডে আসা যাওয়ার খরচ ও বিভিন্ন খাত দেখিয়ে সর্বনিম্ম ২ হাজার ৬শ’ থেকে সর্ব্বোচ্চ ৫ হাজার ৫শ’ টাকা আদায় করা হচ্ছে। তবে ফরম পুরনে বাড়তি টাকা আদায়ে দুদকের সতর্কতার কারনে কৌশল হিসাবে প্রতিষ্ঠান সমুহ বোর্ডের টাকা ও দু’মাসের বেতন, কোচিং ফি হিসাবে আলাদাভাবে প্রকাশ করছে। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের কোন প্রকার রশিদ দেয়া হচ্ছে না।
এসএসসির ফরম পূরণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে- কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ২ হাজার ৬শ’ টাকা, বিএএফ শাহীন কলেজ, শমশেরনগর ৫ হাজার ৫শ’, তেঁতইগাও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৮শ’, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৮শ’, মুন্সীবাজার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৬শ’, শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৮শ’, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩ হাজার, এমএ ওহাব উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৫শ’ ৫০, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৫শ’, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৬শ’, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৬শ’ টাকা হারে আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা জানান, ফরম পুরনের টাকার সাথে কোচিং, দুই মাসের বেতনসহ অন্যান্য নানা খাত দেখিয়ে প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা আদায় করা হচ্ছে। যেন মরার ওপর খাড়ার ঘাঁ এবং তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রাপ্তি স্বীকার রসিদ পর্যন্ত দেওয়া হচ্ছে না। রসিদ চাইলে পরবর্তীতে দেওয়া হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট শিক্ষক।
বাড়তি টাকা আদায় বিষয়ে জানতে চাইলে এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী বলেন, বোর্ড নির্ধারিত টাকা আদায়ের সাথে ৩ মাসের কোচিংয়ের জন্য ১০০০ টাকা হারে নেয়া হয়েছে। তবে এখন আর নেয়া হবে না। এক প্রশ্নোত্তরে এখন থেকে রশিদ প্রদান করা হবে বলে তিনি আরও জানান।
অভিযোগ বিষয়ে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, নিয়ম অনুযায়ী বিজ্ঞান শাখায় ১৮১৫ ও মানবিক শাখায় ১৭২৫ টাকার সাথে ২ মাসের বেতন নিবে। ফরম পুরণে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে বলে কোন অভিযোগ পাননি জানিয়ে কয়েকটি স্কুল প্রধানদের সাথে মোবাইল ফোনে অতিরিক্ত ফি আদায় না করার জন্য তিনি কথা বলেছেন। এ পর্যন্ত বাড়তি টাকা আদায়ে কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন কঠোর পদক্ষেপ নেয়ার নজির রয়েছে কি না- এমন প্রশ্নোত্তরে কোন লিখিত অভিযোগ পাননি বলে তিনি জানান এবং তাঁকে (শামসুন্নাহার পারভীন) ম্যানেজ করার অভিযোগটিও অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাড়তি টাকা আদায়ের অভিযোগে আজ সকালেও পেয়েছি এবং সাথে সাথে আমি মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বলেছি। তাছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কথা বলে বাড়তি টাকা আদায় বন্ধ করে দিয়েছি। যদি আর এ ধরনের কাজ তারা করে তবে আমি সরাসরি সেখানে যাব।
একাধিক সচেতন ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষিত ব্যক্তিবর্গরা থাকার পরও এসব অনিয়ম কি করে সম্ভব? তাহলে তারাও কি ম্যানেজ হয়ে গেছেন






