এস এ চৌধুরী জয়, দীপ্ত নিউজ, বিশেষ প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠেছে মৌলভীবাজারের প্রতিটি জনপদ। হাট বাজারের চায়ের দোকান থেকে শুরু করে বাসা বাড়ির কিচেন (রান্না ঘর) অবধি ভোটের আলোচনায় মুখর। পর্যটন আর চায়ের রাজধানী হিসাবে খ্যাত চা বাগান বেষ্টিত ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত ও আদিবাসীসহ বিভিন্ন জাতি নিয়ে গঠিত সংসদীয় ২৩৭ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনটি।
এ দুই উপজেলার মোট আয়তন ৮৫১ দশমিক ৮৭ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ৭শ’ জন। সর্বশেষ ২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে আলহাজ¦ উপাধ্যক্ষ ড: মোঃ আব্দুস শহীদ এমপি বিনা প্রতিদ্বন্দিতায় আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক একাদশ সংসদের তফশীল ঘোষণার পরই সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা ও তাদের দলীয় নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠে। ইতিমধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করে জমা করেছেন। জেলার সবচেয়ে আলোচিত মৌলভীবাজার-৪ আসনটির আলহাজ¦ উপাধ্যক্ষ ড: মোঃ আব্দুস শহীদ এমপি ছাড়াও দলীয় মনোনয়ন প্রত্যাশায় অপর প্রার্থীরা- কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সদস্য, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এবং মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান। এর মধ্যে এগিয়ে থাকা কমলগঞ্জ উপজেলার দুই মনোনয়ন প্রত্যাশীর- শহীদের গ্রামের বাড়ি রহিমপুরের সিদ্ধেশ^রপুর আর রফিকের কমলগঞ্জ পৌর এলাকার নছরতপুরে। আবার তারা একই উপজেলায় অবস্থিত কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে (সাবেক কমলগঞ্জ গণমহাবিদ্যালয়) আব্দুস শহীদ উপাধ্যক্ষ রফিকুর রহমান অধ্যাপক হিসাবে শিক্ষকতা করেছেন। সেই সাথে দীর্ঘকাল এক সাথে শিক্ষকতার পাশাপাশি রাজনীতির ময়দানে সক্রিয় ভূমিকা রাখেন। আওয়ামী লীগের দাপুটে নিয়ন্ত্রণে থাকা চা বাগান অধ্যুষিত এই আসনটিতে নৌকা যার নিশ্চিত বিজয় তার- এমন জনশ্রুতি রয়েছে। অর্থাৎ স্বাধীনতার পর থেকে এই আসনে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। ভোটের রাজনীতিতে-ক্ষমতার প্রভাব বিস্তারে দু জনের খ্যাতি রয়েছে।
তফশীল ঘোষণার প্রথম দিনেই ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় হতে ড.আব্দুস শহীদ এমপি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান তাদের অনুসারীদের নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কমলগঞ্জ-শ্রীমঙ্গলের নির্বাচনী বাতাসে বিশেষকরে নানা কারণে ঝিমিয়ে থাকা প্রগতিশীল রাজনীতির উর্বর ভূমি “শমশেরনগর” এর নেতা-কর্মীরা ফের চাঙ্গা হয়ে উঠে। অতীতের প্রাণচাঞ্চল্য ফিরে পায় শমশেরনগর। শুরু হয় নানান জল্পনা-কল্পনা। মুহুর্তে মুহুর্তে খোঁজ খবর নিচ্ছেন পছন্দের নেতা দলীয় টিকেট পাচ্ছেন কি না? এর থেকে পিছিয়ে নেই সাধারণ উৎসুক আমজনতা। সবার দৃষ্টি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের দিকে। টিকেট প্রত্যাশীরা দোয়া কামনা করছেন দ্বারে দ্বারে। বিশে^র সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে ঝড় তোলেছে দুই নেতার অনুসারীরা। বিভিন্ন এলাকায় অনুসারীদের উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া-কোরআন খতম করানো হচ্ছে।
বুধবার (১৪ নভেম্বর) গণভবনে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধাানমন্ত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন প্রার্থী স্বাক্ষাৎকারে অংশ নিবেন।
এদিকে টানা পাচবারের নির্বাচিত, সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ ও ভোটের রাজনীতিতে এক ম্যাজিশিয়ান আলহাজ¦ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপির মত এমন হেভীওয়েটকে ডিঙ্গিয়ে ১৯৬৬ সালে ছাত্র রাজনীতিতে যুক্ত হয়ে উপজেলা থেকে কেন্দ্র পর্যন্ত পৌছা, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান দলীয় টিকেট লাভে সক্ষম হবেন? অপরদিকে কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, ১/১১ এর কারা নির্যাতিতা নেতা, ১৯৭৫ পরবর্তী সময়ের আওয়ামী ঘরানার নিবেদিত কর্মি, তৃণমূলের এক বাঁশিওয়ালা রফিকুর রহমানের প্রতি দলীয় সুদৃষ্টিকে মাড়িয়ে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোযোগ লাভে আব্দুস শহীদ কি সক্ষম হবেন?- শেষ মুহুর্তের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মনে এমন প্রশ্ন দোলা দিচ্ছে বারংবার। এ দুই নেতার পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব এগিয়ে চলেছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে।
এক প্রতিক্রিয়া জানতে চেয়ে ড. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ’র মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে মনোনয়ন ফরম ক্রয় পরবর্তী সময়ে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আব্দুস শহীদ এমপি বলেন, অতীতের ন্যায় আবারোও আমি মনোনয়ন পাওয়ার মাধ্যমে এই নির্বাচনী এলাকার মানুষের যে ভালবাসা এবং তাদের যে একটা গুণাবলী আছে সেইটার সমর্থন নিয়েই আমি আবার নির্বাচনে অংশগ্রহন করার প্রত্যাশা এবং ইচ্ছাবোধ করছি।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান বলেন, জনসেবায় আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সেই হিসাবে মানুষের প্রয়োজনে এবং জনগণ কর্তৃক পরিবর্তনের উত্থাপিত দাবির প্রেক্ষিতে আমাকে প্রার্থী হতে হয়েছে।
বিপরীতদিকে এই আসনে ঐক্যফ্রন্ট থেকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিএনপির মনোনয়ন ক্রয় করেছেন বলে জানা গেছে।
পরিশেষে,কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনটিতে মার্কা আর চা শ্রমিক ভোটার একটি বড় ফ্যাক্টর। ১৯৯১ সনে বিএনপির হেভিওয়েট প্রয়াত মন্ত্রী এম সাইফুর রহমানের জামানত নৌকার কাছে বাজেয়াপ্ত হয়েছিল। নিজেদের অভ্যন্তরীন কোন্দলে রাজনৈতিকভাবে শক্ত অবস্থানে না থাকায় ধানের শীষ বরাবরই নৌকার কাছে ধরাশায়ী হতে হয়। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এ দূর্গে ভারী মাত্রার আঘাত আনতে বিএনপি ঘরানারা একাট্টা হয়েছে। টানা হেঁছড়ায় যদি আসনটির ভরাডুবি হলে আওয়ামী রাজনীতির ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়ের সূচনা হবে। অবশ্য অতীতে শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে এই আসনটি রক্ষার নজির পর্যন্ত রয়েছে। এইবারও তাঁর দুরদর্শিতায় আসনটি রক্ষায় নিয়ামক হিসাবে কাজ করবে বলে কমলগঞ্জ-শ্রীমঙ্গলের নেতাকর্মীরা মনে করছেন। এই সংবাদ লেখা পর্যন্ত শহীদ-রফিক-রণধীর নামগুলো ঘুর্ণায়মান বলে বিশ^স্ত সূত্রের আলোচনায় জানা যায়। রাজনীতির ভাগ্য তাদের কোথায় নিয়ে দাঁড় করায়, পুরাতন মাঝি না কি নতুন মাঝি ? এবং তৃণমূলের চাওযা-পাওয়া, মাঠ জরিপে বাস্তবতার নিরীখে দলীয় প্রধান শেখ হাসিনার সিদ্ধান্তে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে নৌকার মাঝি কে হচ্ছেন ? তা দেখার জন্য মৌলভীবাজার তথা সিলেটবাসী কৌতুহলী দৃষ্টিতে তাকিয়ে আছে।
কমলগঞ্জ-শ্রীমঙ্গলে কে হচ্ছেন নৌকার মাঝি ?
Catagory : মৌলভীবাজার | তারিখ : নভেম্বর, ১৪, ২০১৮, ৮:৩৮ পূর্বাহ্ণ • ৩ বার পঠিত






