সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের রাজনগর ডি.এস ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক, ঢাকাস্থ গোলাপশাহ মাজার মসজিদের ইমাম, লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার নুনিয়াপাড়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হাফেজ সাঈদুর রহমান মুখলেছী গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
মরহুমের ১ম নামাজে জানাজা জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জে তাঁর বাড়ির মাদ্রাসা প্রাঙ্গণে এবং ২য় নামাজে জানাজা লক্ষীপুর জেলার রামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে হাসিবুর রহমানের মিশকাত ও কাজি বজলুর রহমান লিটন।
জানাজার নামাজ শেষে তাঁকে বর্তমান বাসস্থান লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার পশ্চিম শেখপুরায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ছিলো ৫৮ বছর। তিনি তিন সন্তান ও স্ত্রী সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা হাফেজ সাঈদুর রহমান মুখলেছী মৃত্যুতে ইউকে বিডি টিভি চেয়ারম্যান, ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ম, জয়নুল আবেদীন রোজ, সাধারণ সম্পাদক আজিজুল আম্বিয়া, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইসচেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও আনজুমানে আল- ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর বলেন, মৌলভীবাজারে মাদ্রাসায় হাফিজি পড়ার সময় সাঈদুর রহমান মুখলেছী আমাদের বাড়িতে জায়গির ছিলেন। তিনি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁর সাথে আমার ছিলো আত্মার আত্মীয়তা। তিনি একজন পরহেজগার, মানবিক, বিনয়ী, সৎ এবং অমায়িক ভালো মনের মানুষ ছিলেন বলে শোকবার্তায় অভিমত ব্যাক্ত করেন।






