আমি যখন লেখক
-মোস্তাফিজুর রহমান চৌধুরী
আমি যখন লেখক, তখন আমার পরম কর্তব্য হচ্ছে লেখালেখি করা। আমার সময়টুকু কাজে লাগাতে হলে আমাকে লেখালেখি করতে-ই হবে। দেশ, জাতি, সমাজ, সংস্কৃতি, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, সমাজের অসংগতি, অন্যায়-অত্যাচার, জুলুম, নিপীড়ন, অবিচার সবকিছু নিয়ে-ই আমাকে লেখালেখি করতে হবে সাহসী বীর কলমসৈনিক হয়ে।
কে প্রশংসা করলো, আর কে তিরস্কার করলো, কে সমাদৃত করলো, আর কে অপমান-অপদস্ত হেয়-প্রতিপন্ন করলো, তা নিয়ে ভাবাভাবির সময় নেই আমার।
আমি কখনো কবিতা লিখে, কখনো গান-গজল-গীত লিখে, কখনো গল্প-কাহিনী উপন্যাস-নাটক জীবন্তিকা রচনা করে, কখনো বা প্রবন্ধ নিবন্ধ প্রতিবেদন লিখে আমার দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।
কে আমার লেখার সম্মানী-সালামি দিবে? কে সহানুভূতি প্রদর্শন করে আর্থিক সহায়তা করবে, কে করবে না, এসবকিছু চিন্তা করলে আমি লেখালেখি করতে পারবো না। তাই নিজের খেয়ে, নিজের পরে আমাকে লেখালেখি করতে-ই হবে, নয়তো আমি কোনকালেই কোন লেখক
হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো না।
লেখকদেরকে মাঝে মধ্যে কিছু কিছু পণ্ডিত ব্যক্তিগণ আলাদা আলাদা করে শ্রেণী বিন্যাস করে থাকেন। আবার কোন কোন গবেষক তাদের এসব কর্মকাণ্ড দেখে হাসাহাসিও করেন। পত্র পত্রিকায় অবশ্য কিছু কিছু বিভাগ আলাদা আলাদা করে, যেমন ছড়া, গীতিকবিতা ও কবিতা বিভাগ, ছোট গল্প, রম্য রচনা, উপন্যাস বিভাগ, প্রবন্ধ-নিবন্ধ বিভাগ, মন্তব্য প্রতিবেদন বিভাগ।
একটা পত্রিকা অফিসে খবর বার্তা যা আছে সব কিছু-ই বার্তা সম্পাদকের টেবিলে জমা হয়। প্রবন্ধ নিবন্ধ মন্তব্য প্রতিবেদন সম্পাদকীয় বিভাগে জমা হয়। কবিতা, ছড়া, গীতিকবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, নাটক, জীবন্তিকা রচনা এ সব কিছু সাহিত্য সম্পাদকের টেবিলে জমা হয়।
প্রশ্ন হলো, একজন লেখক কলামিস্টকে লেখালেখির সকল বিভাগে বিচরণ করতে হয়। মনের আবেগে কেউ কেউ কবিতা, গান, গজল, গীত চর্চা করতে পারেন, কিন্তু সাহিত্য গবেষক হতে হলে অবশ্যই অনেক অনেক বই পুস্তক ঘাটাঘাটি করতে হয়।
একজন লেখক সৃষ্টি করে আরো কিছু নবীন লেখক। একজন সাংবাদিক সৃষ্টি করে আরো কিছু নবীন সাংবাদিক। একজন কবি সৃষ্টি করে আরো কিছু নবীন কবি। এটা পৃথিবীর বুকে হাজার হাজার জলজ্যান্ত প্রমাণ রয়েছে।
কবিদের মধ্যে যারা যারা সুর সাধক, যারা যারা গান, গজল, গীত রচনা করে নিজের সুর প্রকাশ করেছেন, তাদের জনপ্রিয়তা সবার ঊর্ধ্বে। আমাদের আধুনিক বাংলা সাহিত্যের সেরা তিনজন কবি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং পল্লীকবি জসিমউদদীন। তাদের প্রত্যেকের আলাদা আলাদা পরিচিতি রয়েছে। তাদের গানকে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, পল্লী গীতি বলা হয়ে থাকে।
অনেকেই বলে থাকেন যে পারস্যের বিখ্যাত কবি হাফিজ শিরাজী ছিলেন একজন সুর সাধক। তাঁকে অনুস্মরণ করে বিশ্বে অনেকেই মহান হয়েছেন। আমি যখন লেখক, তখন আমাকে আমাদের গুরুজনদের প্রতি গভীর আন্তরিকতা প্রদর্শন করেই এগিয়ে যেতে হবে।
মানুষ মরণশীল। মানুষের আত্মার শক্তি জীবিত মানুষকে প্রভাবিত করে, তাই কেউ বড় মাপের লেখক হতে হলে তাঁকে তাঁর পূর্ববর্তী কবি লেখকদের আত্মার সাথে আত্মার গভীর হৃদ্যতা সৃষ্টি করতে হবে। আমি যখন লেখক, তখন আমাকে ভালোবাসা দিয়ে আমার অনুজপ্রতিমদেরকে গঁড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করতে হবে। আর যখন কারো হৃদয়ে আত্মগরিমাবোধ সৃষ্টি হয়ে যায়, তখন-ই সে নিজে নিজেকে ধ্বংস করে ফেলে। জয় হোক জগতের সকল লেখকদের।
মোস্তাফিজুর রহমান চৌধুরীঃ কবি, চেয়ারম্যান- বাংলাদেশ পোয়েটস ক্লাব।






