সাবেক পুলিশ কমিশনার কায়সার আহমেদ হায়দরি’র জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা
-সৈয়দ মাসুম
সাবেক পুলিশ কমিশনার কায়সার আহমেদ হায়দরি শমসেরনগর তথা পুরো কমলগঞ্জ উপজেলার এক অতি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাঁদের আদি নিবাস কুলাউড়া উপজেলার নমৌজা ইউনিয়নের শরীফপুর গ্রামে। তাঁর বাবা মরহুম নজির উদ্দিন আহমেদ হায়দরি ছিলেন এলাকার ধনাঢ্য এক ভূ-স্বামী। শিকার করা ছিল যার নেশা। বাঘ শিকারে অত্যন্ত পারদর্শী হওয়ায় নজির উদ্দিন আহমেদকে বৃটিশ সরকার হায়দরি খেতাবে ভূষিত করে, আর সেই থেকে এই পরিবারটি এলাকায় হায়দরি পরিবার বলে খ্যাত।
দীর্ঘ কর্মজীবনে কায়সার আহমেদ হায়দরি ঢাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও পুলিশ কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বড়ভাই কবির আহমেদ হায়দরি সহকারী সচিব পদমর্যাদার বিভাগীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার হিসাবে বর্ণাঢ্য কর্মজীবন শেষ করে বর্তমানে অবসর জীবনযাপন করছেন।
কায়সার আহমেদ হায়দরি’র একমাত্র পুত্র প্রফেসর হায়দরি আকবর আহমেদ সায়েম মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বনামখ্যাত বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যাপনা করছেন। পেশাগত কাজের পাশাপাশি সায়েম হায়দারি একজন খ্যাতিমান লেখক ও গল্পকার। বৃটেন থেকে প্রকাশিত জনপ্রিয় লিটল ম্যাগ স্বচিন্তা জুলাই-ডিসেম্বর ২০২৪ সংখ্যায়ও প্রফেসর হায়দরি আকবর আহমেদ সায়েমের একটি গল্প প্রকাশিত হয়েছে।
সাবেক পুলিশ কমিশনার কায়সার আহমেদ হায়দরি শমসেরনগর জেনারেল হাসপাতালের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত। হাসপাতালের অন্যতম উপদেষ্টার দায়িত্বে থাকা এই মানুষটির অনুপ্রেরণায় দেশে ও বিদেশে অনেক মানুষ এই হাসপাতালের সাথে সম্পৃক্ত হয়েছেন। তাঁর নিকটাত্মীয় ও বন্ধু ফয়জুল হক, তাঁরই অনুপ্রেরণায় শমশেরনগর হাসপাতালের সাথে সম্পৃক্ত হয়ে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতাল বিল্ডিঙের দ্বিতীয় ফ্লোরের কাজ সম্পন্ন করে দিচ্ছেন। হাসপাতালের ভূমিদাতার পর এই হাসপাতালে দ্বিতীয় সর্বোচ্চ দাতা হিসাবে ফয়জুল হক নাম লিখিয়েছেন।
কায়সার আহমেদ হায়দরি নিজে এবং তাঁর অসংখ্য আত্মীয়-স্বজন হাসপাতালে বড় অংকের অর্থ সাহায্য দিয়েছেন। গত মাস দু’এক আগে তাঁর আপন ভাগ্নি সেলিনা ইসলাম চার লক্ষ টাকা দামের শব্দহীন জেনারেটর হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।
আজ রবিবার (২০ অক্টোবর) শমসেরনগর হাসপাতালের নিবেদিত প্রাণ কায়সার আহমেদ হায়দরি এর শুভ জন্মদিন। তিনি আজ ৭৪ পেরিয়ে ৭৫ বছরে প্রবেশ করেছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর শতায়ু বয়স ও সুস্থতার পাশাপাশি মহান রাব্বুল আলামিন যেন তাঁকে সমাজ ও জাতির জন্য আরও বেশি কল্যাণকর কাজ করার সুযোগ দেন, শমশেরনগর হাসপাতাল তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছা পর্যন্ত তিনি এই হাসপাতালের জন্য কাজ করতে পারেন, সবার নিকট এই দোয়া কামনা করছি।
শুভ জন্মদিন প্রিয় স্বজন কায়সার আহমেদ হায়দরি। শুভকামনা নিরন্তর…
লেখকঃ কবি, গবেষক ও সম্পাদক (লন্ডন থেকে প্রকাশিত সমাজ, শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক লিটলম্যাগ স্বচিন্তা), সাবেক অধ্যাপক- ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজ (কুলাউড়া), সভাপতি মন্ডলীর সদস্য- শমশেরনগর জেনারেল হাসপাতাল।






