সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট গবেষক, রাজনীতিবিদ, সাহিত্য্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি, আশির দশকের শক্তিমান কবি সৌমিত্র দেব টিটু এর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার পুরাতন কালী বাড়িতে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুসারে তাঁর শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।
গবেষক, সাংবাদিক ও কবি সৌমিত্র দেব টিটু এর শ্রাদ্ধানুষ্ঠানে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট শান্তি পদ ঘোষ, সাবেক সভাপতি এডভোকেট রমা কান্ত দাশ গুপ্ত, সিনিয়র সদস্য এডভোকেট কাজল দাশ গুপ্ত, এডভোকেট অলক রঞ্জন দাশ, এডভোকেট নিত্য দাশ গুপ্ত প্রমুখ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
শ্রাদ্ধানুষ্ঠানে আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের ভাই পরশমনি দেব, পার্থ সারথী দেব, পিনাক পানি দেব, পরসর দেব (খেলু), প্রিয়ব্রত দেব, রত্নেশ্বর দেব, প্রয়াতের বোনের স্বামী এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, ভাগিনা এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস এবং একমাত্র ছেলে সৌভাগ্য দেব ও স্ত্রী পলা দেব। তারা সৌমিত্র দেব টিটু এর আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্ম নেয়া সাংবাদিক ও কবি সৌমিত্র দেব টিটু দীর্ঘদিন ধরে এজমাজনিত শ্বাসকষ্টে ভোগছিলেন। গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী পলা দেব ঢাকাস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কবির নিথর দেহ জন্মশহর মৌলভীবাজার নিয়ে আসা হলে মৌলভীবাজার জেলায় এক শোকের ছায়া নেমে আসে। অন্ত্যেষ্টিক্রিয়া পূর্ব সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মরদেহ রাখা হলে কবি, শিল্পী ও সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন সংগঠন ও শ্রেণীপেশার লোকজন শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রিয় সহকর্মীর অকাল প্রয়াণে ‘রেডটাইমস্’ পরিবার গভীর শোকাহত এবং তাঁহার পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সৈয়ারপুর শ্বশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
সাংবাদিক কবি সৌমিত্র দেব টিটু মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন তিনি।
সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেব টিটু এর সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় সাংবাদিকতা করেন এবং দৈনিক মানবজমিনে সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ২০০৯ সাল থেকে জাতীয় অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমস ডটকম ডট বিডির প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশন ঢাকার প্রতিষ্ঠাকালিন সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন এর সহ-সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র আজীবন সদস্য, লীলা নাগ স্মৃতি পরিষদের (সদ্য সাবেক কমিটি) সহ-সভাপতি, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা এর দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি সৌমিত্র দেব টিটু নিয়মিত কবিতা, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ লিখতেন। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর একাধিক বই উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর রচনা ও সম্পাদনায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টিরও বেশি। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত এই কবি ‘শময়িতাদের বাড়ি’ সহ বহু কাব্যগ্রন্থ রচনা করেছেন। তিনি লোকসাহিত্য গবেষণায়ও বিশেষ খ্যাতি অর্জন করেন ‘মরমী কবি হাছন রাজা ও তার জীবন দর্শন’ বইটির জন্য। সু-সাহিত্যিক পন্ডিত সৈয়দ মুজতবা আলীকে নিয়ে রয়েছে তার একাধিক প্রকাশনা। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি।
কবিতা রচনায় অবদানের জন্য ২০০৫ সালে পান বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি থেকেও তাঁকে সম্মাননা প্রদান করা হয়।
চলচ্চিত্রেও তাঁর উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণীজন ‘ডাকঘর’ চলচ্চিত্রেও অভিনয় করেন।
সৌমিত্র দেব টিটু কবি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ছাড়াও আপাদমস্তক একজন রাজনৈতিক সচেতন মানুষ ছিলেন। মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে তিনি নির্বাচন করেন।






