“
(বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম রব্বানী বলেছেন, “জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে জীবন দিতেও প্রস্তুত আছি। দুর্নীতি ও সন্ত্রাসে জর্জরিত দেশকে মুক্ত করতে চাই। রাজনীতি আমার কাছে কোনো ব্যবসা নয়, বরং জনগণের আমানত। বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার চক-লোকমান এলাকায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নির্বাচনী কার্যক্রমে মাঠে নেমে জনগণের পাশে থেকে কাজ করছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চান। সমাবেশে ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, জনসংযোগ এবং সুষ্ঠু ভোট নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত নেতাকর্মীরা প্রার্থীর পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। গোলাম রব্বানী আরও বলেন, “মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে কোনো আপস করা হবে না। জনগণের সম্পদ লুটপাট, চাঁদাবাজি আর দুঃশাসনের মাধ্যমে দেশকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম চালিয়ে যাব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, ব্যবসায়ী আজাদুর রহমান, বগুড়া শহর জামায়াতের ২১নং ওয়ার্ড আমীর আব্দুস সালাম, জামায়াত নেতা শাহীন আলম, পারভেজ আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের প্রমুখ।






