(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক রুম থেকে আব্দুল মতিন প্রামানিক (৩৮) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ সদর (গুজিয়া) ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতীয় তলার আবাসিক রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মতিন প্রামানিক রাজশাহী জেলার মোহনপুর উপজেলার চকবিরহী গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল কাদেরের ছেলে এবং ওই কেন্দ্রের ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্য কেন্দ্রের আয়া লাভলী খাতুন জানান, সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি মিটিং হওয়ার কথা ছিল। এজন্য সকাল সাড়ে ৯টার দিকে মতিনকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে তিনি আশেপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা মই দিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন, রুমের মেঝেতে মতিনের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শিবগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. মো. মাহবুবুর রহমান বলেন, নিহত মতিনের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ছিল এবং প্রায় চার বছর আগে তিনি একবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।###
বগুড়ায় স্বাস্থ্যকেন্দ্রের রুম থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার
Catagory : সারা দেশ | তারিখ : অক্টোবর, ৬, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ণ • ১১ বার পঠিত






