ড. ইফতেখারুজ্জামান বলেন, “গণমাধ্যম দেশের সার্বিক রাজনৈতিক ও আমলাতান্ত্রিক কাঠামোর বাইরে না। জনকল্যাণে অপরিহার্য পন্য – সংবাদ, তথ্য ও প্রতিবেদন, তথা পাবলিক গুড উৎপাদনকারী হিসেবে যেখানে সরকারের সবচেয়েগুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে স্বীকৃত হবার কথা, সেখানে দেশের সকল সরকার ধারাবাহিকভাবে গনমাধ্যমকে তাদের অন্যতম শত্রু হিসেবে বিবেচনা করে আসছে। যেকারনে মুক্ত গনমাধ্যম উপাযোগী সংস্কার দূরে থাক, অন্তবর্তী সরকারের আমলে এক্ষেত্রে সংস্কারের নামে যা হয়েছে, বিশেষ করে সাইবার সুরক্ষা, ব্যাক্তিগত উপাত্ত সুরক্ষা ও জাতীয় উপাত্ত ব্যবস্থাপনার, ইত্যাদির নামে যে অধ্যাদেশ গুলো প্রনীত হয়েছে, তার ফলে সরকারের কর্তৃত্বে নজরদারি কাঠামো অধিকতর নিবর্তনমূলক হয়েছে। যা গণমাধ্যমের স্বাধীনতা ও সার্বিকভাবে বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগ গভীরতর হয়েছে। তাই গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে যে অগ্রগতি নেই, তাতে অবাক হওয়ার কিছু নেই।”
তিনি বলেন, “বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশের গুরুত্বপূর্ণ দোসর ছিল গণমাধ্যম, অনেক ক্ষেত্রে গণমাধ্যম আতœসমর্পন করেছে। অনেকে সুযোগ সুবিধার বিনিময়ে গণমাধ্যমের ঘরের শত্রুর ভূমিকায় লিপ্ত হয়েছে। এতে করে গণমাধ্যমের যারা পেশাগত দেউলিয়াপনার শিকার হয়েছে তাদের জন্য পুরো খাতের ওপর জনআস্থাও ঝুঁকিতে পড়ছে। এজন্য আয়নার মুখোমুখি হয়ে আত্মজিজ্ঞাসা গুরুত্বপূর্ণ। অন্যদিকে ৫ আগস্ট ২০২৪ থেকেই সারাদেশে যে দলবাজি, দখলবাজি, ট্যাগিং, মামলা বাণিজ্য, গ্রেফতারবানিজ্য, তালিকা বানিজ্য হয়েছে এবং এতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তি যেমন জড়িত ছিল তেমনিভাবে গণমাধ্যমের একাংশও ভূমিকা রেখেছে। যা জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয়ভাবে চলমান রয়েছে। বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে দীর্ঘ প্রক্রিয়ায়। চর্চা হয়েছে জিরো সাম গেইমের। ধারাবাহিক এ প্রক্রিয়া গত ১৫ বছরে চূড়ান্ত বিকশিত হয়ে চোরতন্ত্র বা ক্লেপ্টক্রেসিতে পরিণত হয়েছে। পট পরিবর্তনের পর গনমাধ্যম সহ যারা নিজেদের বিজয়ী ভাবছেন। তাদের একাংশ ‘এখন আমাদের পালা’ – এই হীনমন্যতায় নিমজ্জিত হয়ে একই চর্চা বজায় রাখতে মরিয়া হয়ে উঠেছেন। সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটিকে তাঁরাই ধূলিস্যাতের ঝুঁকিতে ঠেলে দিয়ছেন ।”
ইফতেখরুজ্জামান বলেন, “গণমাধ্যমে সংস্কারের জন্য অনেককিছুই বাস্তবায়িত হয়নি এখনও। প্রতিটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য অনেক সুপারিশ ছিল। সরকার নিজেরাই বলেছিলেন আশু বাস্তবায়নযোগ প্রস্তাবনার তালিকা তৈরি করে দিতে। কিন্তু সেগুলো বাস্তবায়ন হয়নি। কোথায় প্রতিবন্ধকতা ছিল? সকলেই মুখে সংস্কার চায়। কিন্তু যারা সংস্কারের মূল চালিকাশক্তি হওয়ার কথা, তাদের ভেতরেই যে প্রতিরোধমূলক শক্তি নিয়ামকের ভূমিকায় রয়েছে তার মধ্যে অন্যতম আমলাতন্ত্র। সংস্কার হতে হলে রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি আমলাতন্ত্রেরও পরিবর্তন হতে হবে। সেটি নাহলে জনগণকে আবারো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে।”
আলোচনা অনুষ্ঠান শেষে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিক ও একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এই পুরস্কার দেয়া হয়। আঞ্চলিক সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন যশোরের দৈনিক গ্রামের কাগজের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ফয়সল ইসলাম এবং নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান শিমুল। জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি সান-এর জেষ্ঠ্য নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান। টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে চ্যানেল ওয়ানের ইনপুট প্রধান এবং পরিকল্পনা সম্পাদক) মুফতি পারভেজ নাদির রেজা। বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’। এই প্রামাণ্য অনুষ্ঠানটি অনুসন্ধান ও উপস্থাপনা করেন সার্চলাইট টিমের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে স্টার নিউজ-এর বিশেষ প্রতিবেদক) মু. ফয়জুল আলম সিদ্দিক। বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানটির জন্য সম্মাননাপত্র, ক্রেস্ট এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়।






