একজন প্রার্থীর করস্বর্গে (Tax heaven country) কোম্পানির নিবন্ধন থাকার পুরোনো তথ্য অনেকটাই প্রকাশিত থাকলেও এ বিষয়ে হলফনামায় কোনো ঘোষণা দেখা যায়নি।
হলফনামায় দাখিলকৃত তথ্য যাচাই করার সক্ষমতা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নেই, থাকলেও তার পূর্ণ ব্যবহার করা হয় না মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রার্থীদের দাখিলকৃত হলফনামার তথ্যের সঙ্গে বাস্তবের ব্যপক তারতম্য দেখা গেছে। হলফনামার মাধ্যমে যে তথ্য প্রদান করা হয় তা নিয়ে একাধিক প্রশ্ন আছে। তথ্য গোপন করা হয়েছে কি-না, প্রদর্শিত সম্পদ বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত এবং দাখিলকৃত আয় বা সম্পদের বিপরীতে প্রদেয় করের পরিমাণ বাস্তবসম্মত কিনা- এই তিনটি বিষয় অনুসন্ধান করা জরুরি। তাতে করে জনগণের কাছে স্পষ্ট হবে তারা নির্বাচনে কেমন প্রার্থী পেতে যাচ্ছেন। কিন্তু এই তিনটির কোনোটিই কার্যত হয় না। আমরা আশা করি, নির্বাচন কমিশনসহ দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়গুলো যাচাই করে সময়োচিত পদক্ষেপ গ্রহণ করবেন।’
টিআইবির হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। যাতে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ১৯৮১ জন, এবং তাদের প্রায় ১৩ শতাংশ স্বতন্ত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ইসলামপন্থী দলগুলোর প্রার্থী মোট প্রার্থীর ৩৬ শতাংশের বেশি, বিগত ৫টি নির্বাচনের মধ্যে যা সর্বোচ্চ। প্রতিবারের মতো এবারও নারী প্রার্থীদের অংশগ্রহণের হার নগণ্য এবং জুলাই সনদে প্রস্তাবিত ৫ শতাংশের লক্ষ্যমাত্রা কোনো রাজনৈতিক দলই পূরণ করতে পারেনি।






