আজ-  ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» টিআইবির গবেষণা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিবৃতি বিভ্রান্তিমূলক: টিআইবি «» তারকাখচিত জাতীয় অ্যাওয়ার্ডসে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো ব্রিটেনের কারি শিল্প «» কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময় «» সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মামলা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ «» সান্তাহারে হোটেলের খাবার খেয়ে পাঁচজন হাসপাতালে, কর্তৃপক্ষের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ «» অন্যের প্ররোচনায় অভিযোগ দায়ের) আদমদীঘিতে ভূমি অফিসের হয়রানির অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় মুসলেকা দেন অভিযোগকারী «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» কমলগঞ্জের জমি বিক্রি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত; আটক ১ «» সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে ইউনেস্কো ঢাকা কার্যালয়ের বিবৃতি «» মৌলভীবাজারে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত

কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে আবেগঘন শুভেচ্ছা বিনিময়

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

দীর্ঘ ও বর্ণাঢ্য ব্যাংকিং জীবনের সফল সমাপ্তি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন। তিনি ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সভাপতি এবং সাপ্তাহিক ধলাই পত্রিকার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের স্থানীয় গ্র্যান্ড তাজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আবেগঘন বক্তব্যে মো. সালাহ্ উদ্দিন বলেন, দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি তাঁর জীবনের বিশেষ মুহূর্ত। চাকরি মানুষকে পরিচয় দিলেও মানুষের ভালোবাসা ও সম্মানই একজন মানুষকে স্মরণীয় করে রাখে। কর্মজীবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ককে তিনি জীবনের অন্যতম মূল্যবান অর্জন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পদ-পদবি ও কর্মজীবনের পরিচয় একসময় শেষ হয়ে যায়। কিন্তু মানুষের জন্য করা ভালো কাজ এবং মানুষের হৃদয়ে অর্জিত সম্মান থেকে যায়। প্রকৃত সাফল্য শুধু দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তোলা, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং আস্থা অর্জনের মধ্যেই সাফল্যের প্রকৃত অর্থ নিহিত।

কর্মজীবনে তাঁর কোনো কথা, আচরণ কিংবা সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, লেখনী, ক্যামেরা ও কণ্ঠের মাধ্যমে সত্য, ন্যায় এবং মানুষের কল্যাণে সাংবাদিকদের কাজ অব্যাহত রাখতে হবে। দাপ্তরিক দায়িত্বের সমাপ্তি ঘটলেও তাঁদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও আন্তরিকতার কোনো সমাপ্তি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় মো. সালাহ্ উদ্দিনের বর্ণাঢ্য কর্মজীবন ও তাঁর পেশাগত অবদান নিয়ে বক্তব্য দেন ব্যাংকার অ্যাসোসিয়েশন শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, জ্যেষ্ঠ সাংবাদিক কাওছার ইকবাল ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের প্রতিবেদক ইসমাইল মাহমুদ, নয়া দিগন্তের এম এ রকিব, সাংবাদিক মামুন আহমেদ, এহসানুল হক, আতাউর রহমান কাজল, খোলাচিঠির নান্টু রায়, আমার দেশের কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মিজানুর রহমান আলম, সময়ের আলোর শামসুল ইসলাম শামীম, মানবজমিনের জামাল মিয়া, ফটোসাংবাদিক সুলতান আহমদ, তানভীর আহমেদ কাউছার, চায়ের জনপদের মোহাম্মদ আল আমিন, মো. এমরান হোসেন, পিন্টু দেব নাথ ও চায়ের দেশ-এর সনেট দেব চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

বক্তব্যের শেষ পর্যায়ে সালাহ্ উদ্দিন বলেন, বিদায় মানেই বিচ্ছেদ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। কর্মক্ষেত্রে হয়তো আর আগের মতো দেখা হবে না, তবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কাটানো সময়, স্মৃতি ও ভালোবাসা তাঁর হৃদয়ে চিরদিন অমলিন হয়ে থাকবে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে (মৌলভীবাচার) স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জনতা ব্যাংক পিএলসি শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন