মৌলভীবাজারের কমলগঞ্জে ২৩ নভেম্বর সোমবার উদযাপিত হবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব খাসি সেং কুটস্নেম। উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন চলবে। খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী, এ উৎসবের মধ্য দিয়ে ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নেবেন তারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় উৎসবটি অনুষ্ঠিত হবে। আয়োজন ঘিরে জেলার খাসিয়া পুঞ্জিগুলোতে এরইমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
মাগুরছড়া ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটি ও সুপারি গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। মাঠজুড়ে বসবে ঐতিহ্যবাহী পণ্যের মেলা ও বিভিন্ন স্টল। উৎসবে নারী, পুরুষ, তরুণ-তরুণী ও শিশুরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে অংশ নেবেন।
দিনব্যাপী আয়োজনে থাকছে খাসিয়া নারীদের লোকনৃত্য, নিজস্ব ভাষায় গান, ঐতিহ্যবাহী তীর-ধনুক ও গুলতি চালানোর প্রতিযোগিতা। এ ছাড়া তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে মুঠোফোন জেতার প্রতিযোগিতা এবং খাসিয়া সংস্কৃতির অংশ হিসেবে পান সাজানোর আয়োজনও থাকবে।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, সেং কুটস্নেম শব্দের অর্থ খাসিয়া বর্ষবিদায়। ১৮৯৯ সাল থেকে খাসিয়া জনগোষ্ঠীর মানুষ দিনটি পালন করে আসছেন। তবে বাংলাদেশে ২০১১ সাল থেকে বড় পরিসরে উৎসবটি উদযাপিত হচ্ছে। ব্রিটিশ শাসনামলে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়লে সচেতন খাসি তরুণদের উদ্যোগে ২৩ নভেম্বর ‘সেং খাসি’ নামে একটি সংগঠন গড়ে ওঠে। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর দিনটি পালন করেন খাসিয়ারা।
খাসি সোশ্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক এবং উৎসবের আহ্বায়ক কমিটির সদস্য সাজু মারচিয়াং জানান, মৌলভীবাজারে নানা ভাষা ও সংস্কৃতির মানুষ মিলেমিশে বসবাস করছেন। প্রতিবছর ২৩ নভেম্বর তারা পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে এ উৎসবের আয়োজন করেন। ঐতিহ্যবাহী পোশাক, নাচ ও গানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন তারা। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরাও এতে অংশ নেন।
বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জির প্রধান জিডিসং প্রধান সুচিয়াং জানান, উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকেরা মাগুরছড়ায় সমবেত হবেন।
কমলগঞ্জে খাসিয়া বর্ষবিদায় উৎসব আজ সোমবারকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
Catagory : সারা দেশ | তারিখ : নভেম্বর, ২২, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ • ৪ বার পঠিত






