সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্যসচিব সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন প্রেসক্লাব নেতারা।
সোমবার (২ নভেম্বর) প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্যসচিব রুবেল আহমেদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, শ্রীমঙ্গল উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ডা. সিনথিয়া তাসনিম সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন।
প্রেসক্লাব নেতারা বলেন, সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম ও অসংগতির বিষয়ে তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। কিন্তু সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সংকুচিত হলে সাধারণ মানুষ তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিবৃতিতে নেতৃদ্বয় সাংবাদিক এহসানুল হকসহ সব সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি পুরো ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।
অন্যথায় সাংবাদিকদের পেশাগত অধিকার ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নেতারা।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রেসক্লাবের যুগ্ম সদস্যসচিব সাংবাদিক এহসানুল হক






