মু রিমন ইসলাম,
শ্রীমঙ্গল প্রতিনিধি::
নৃ-গোষ্ঠীর ওপর গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ। নিজ জেলা মৌলভীবাজারের নৃ-গোষ্ঠীর ওপর গবেষণায় পিএইচডি অর্জন করেছেন সাবেক এই চিফ হুইপ।
গত বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস কক্ষে তার হাতে পিএইচডি ডিগ্রির সনদ তুলে দেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিন্ডিকেট সদস্য উপস্থিত ছিলেন।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, ‘আমার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের চা শ্রমিকসহ অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাদের ঐতিহ্য, কৃষ্টি, জীবনধারা কাছ থেকে প্রত্যক্ষ করেছি। আমার এই গবেষণা দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সামান্যতম কাজে লাগলেও আমি সার্থক।’
গত ৪ ও ৫ জুন অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় উপাধ্যক্ষ মো. আবদুস শহীদকে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান খানের তত্ত্বাবধানে ও অধ্যাপক ড. অসিত বরণ পারের যুগ্ম তত্ত্বাবধানে সম্পাদিত ‘মৌলভীবাজার অঞ্চলের বিভিন্ন-নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ব্যবস্থাপনা, সংরক্ষণ এবং তাদের ঐতিহ্যবাহী নিদর্শনের পর্যলোচনা’ শীর্ষক গবেষণার জন্য মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ আবদুস শহীদকে এই ডিগ্রি প্রদান করা হয়।






