আলাল আহমদ রিপন,শ্রীমঙ্গল মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই দিনে পৃথকদুটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রানী সেবা ফাউন্ডেশন।
গত রোববার রাতে উপজেলার রামনগর মনিপুরি পাড়ায় একটি বৈদ্যুতিক খুঁটির পাশের গাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। রামনগর গ্রামের ফিটার বুনার্জী জানান, তিনি তাদের বাড়ির পাশের একটি গাছে লজ্জাবতী বানরটিকে বসে থাকতে দেখেন। পাশেই বিদ্যুতের খুঁটি ছিল। যেকোন সময় দূর্ঘটনা ঘটতে পারে ভেবে তিনি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন এটিকে উদ্ধার করে নিয়ে যায়।
অপরদিকে গত শনিবার রাতে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রাম থেকে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বাম হাতের কব্জি পুড়ে যায় একটি লজ্জাবতী বানরের। লজ্জাবতী বানরটিকে মাটিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজনকে খবর দিয়ে বানরটিকে তাদের হাতে সোপর্দ করেন। বর্তমানে বানরটি চিকিৎসাধীন রয়েছে।
শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, বনে খাদ্য ও বাসস্থানের অভাবে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এতে করে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে অথবা, সড়ক দুর্ঘটনাসহ নানা সমস্যার হাতে পড়ে এই বন্যপ্রাণীগুলো। বন্যপ্রাণীদের টিকিয়ে রাখতে তাদের বাসস্থান সুরক্ষার বিষয়টিকে ধর্তব্যের মধ্যে আনার বিষয়ে জোড় দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। তানাহলে বন্যপ্রাণীরা অচিরেই হারিয়ে যাবে।






