এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নান।
শনিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা শনিবার দুপুরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ তথ্য জানিয়ে সুনামগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বুকে পেটে ব্যথার কারণে এমএ মান্নানকে শনিবার সকালে হাসপাতালে আনা হয়। তিনি মানসিক অবসাদেও ভূগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে বিকেল ৪ টায় এ রিপোর্ট লেখার সময় মান্নান ওসমানী হাসপাতালে এসে পৌছাননি। তবে তার জন্য একটি কেবিন প্রস্তুত রাখা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।
তবে সুনামগঞ্জ জেলা কারাগারের জেলার হুমায়ুন কবির জানান, এম মান্নান আগে থেকেই অসুস্থ ছিলেন। তার চিকিৎসার ব্যবস্থার জন্য কয়েকজন আইনজীবী আদালতে আবেদন করেন। এরপর আদালত মান্নানের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এই নির্দেশনার প্রেক্ষিতেই তাকে হাসপাতালে পাঠানো হয়।
গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন মান্নান।
গ্রেপ্তারের পর মান্নানের মুক্তির দাবিতে তার নিজ এলাকা শান্তিএঞ্জ বিক্ষোভ করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।






