জুলুম করে কখনো মজলুমকে দমিয়ে রাখা যায় না
-সৈয়দ মাসুম
মহাকালের দৃষ্টিতে চিন্তা করলে একটা মানব বিধ্বংসী অমানবিক রাষ্ট্রের জন্য ৭৬ বছর তেমন একটা সময় নয়। পৃথিবীতে এমনও অনেক জালিম শাসকগোষ্ঠী ছিল, যারা শত শত বছর শাসন করেছে। জার, কাইজার, মোঙ্গল এদের শাসনকাল আর বীভৎস অত্যাচার সমকালীন পৃথিবীকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছিল। আজকের দিনে যে বা যারাই মানবজাতিকে একইরূপ বীভৎস অত্যাচারের জর্জরিত করছে, ওদের মত তাদেরও বিনাশ অনিবার্য।
ধৈর্যহাঁরা হওয়া দূর্বল হৃদয়ের পরিচয়। আরবের মুনাফিকরা সামান্যতে অধৈর্য হয়ে পড়ত। ধৈর্য ধরুন আর অপেক্ষা করুন, দেখবেন বিজয় সুনিশ্চিত।
মজলুমের চোখের জল আর রক্ত কখনোও বৃথা যায়নি। বাংলাদেশের ক্ষেত্রেও আমরা পরিবর্তন আসবে এ কথা মন আর মানসিকতা থেকে একেবারে মুছে ফেলেছিলাম। অনেকেই মনে করতাম আমাদের প্রজন্মতো দূরের কথা, আগামী প্রজন্মও পরিবর্তন দেখবে না। জুলাই-আগষ্টের বিপ্লব আমাদের সেই ভুল ভেঙে দিয়েছে।
আজ ইসরাইল আর আমেরিকাকে আমরা মহাশক্তিধর ভাবছি। অথচ ভুলেই গেছি আমাদের চোখের সামনেই অপ্রতিরোধ্য সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। বার্লিন প্রাচীর ভুলুন্ঠিত হয়েছে বিনা রক্তপাতে। অস্ট্রিয়ার মত দেশ, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল, সে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে। সূর্য অস্তমিত না যাওয়া বৃটিশ সাম্রাজ্য ভেঙে ভেঙে এখন এক দ্বীপের মধ্যে আবদ্ধ হয়ে আছে।
জুলুমকারীর পরিণতি আমরা আগেও দেখেছি, এখনও দেখছি এবং ভবিষ্যতেও দেখব। নমরুদ, শাদ্দাদ আর ফেরাউনের কথাতো এখানে না-ই বা বললাম। ইতিহাস সাক্ষী, জুলুম করে কখনো মজলুমকে দমিয়ে রাখা যায় না, কেউ রাখতে পারে না। মজলুমের এক এক ফোটা চোখের জল আর রক্ত হাজারো বিপ্লবী সৃষ্টি করে। রক্ত আর চোখের জল যত বেশি হবে, আসমুদ্র হিমাচল বিপ্লবীরা পাড়ি দেবে তত দ্রুত। হাজার তারার যখন যবনিকাপাত ঘটে, সূর্যোদ্বয় তখনি হয়; নতুন প্রভাত লাভ করে পৃথিবী।
সৈয়দ মাসুমঃ বৃটেন প্রবাসী কবি, গবেষক, সম্পাদক- স্ব চিন্তা (লিটল ম্যাগ)।






