নিজস্ব প্রতিবেদক।।
মৌলভীবাজারের বড়লেখায় যুবদল নেতা নোমান আহমদকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনা ঘটে।
নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস শহীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে তা এখনো জানা যায়নি।
ঘটনার পর অভিযুক্ত দুই যুবক পালিয়ে গেছেন। তবে তাদের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন সুজানগর ইউনিয়নের দশঘরি গ্রামের সবির মিয়ার ছেলে মারজান আহমদ ও কালাইউরা গ্রামের আব্দুস শহীদের ছেলে রেহান আহমদ






