সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
সাংবাদিকদের আইনি সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে ‘গণমাধ্যম কর্মীদের কাজের সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির আওতায় সরকারি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সিলেট আঞ্চলিক তথ্য অফিস এ সেমিনারের আয়োজন করে।
সৈয়দ আবদাল আহমদ বলেন, সাংবাদিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বিশেষ সেল গঠন এবং স্বাধীন ও জবাবদিহিমূলক কাঠামো তৈরির কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সিলেট আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শ্রীমঙ্গল প্রেসক্লাবের ২৫ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
এতে আঞ্চলিক তথ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মহসীন ও মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা উজ্জল সিং উপস্থিত ছিলেন। সেমিনার সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের তথ্য সহকারী মো. মাহমুদুল ইসলাম।
সেমিনারে বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল সংবাদদাতা সৈয়দ ছায়েদ আহমদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুজার বাবলা, দৈনিক খোলা কাগজের মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক এহসানুল হক এবং আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।
এ সময় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অংশগ্রহণকারী সাংবাদিকরা কর্মক্ষেত্রে হয়রানিমূলক মামলা, হুমকি এবং পেশাগত নিরাপত্তাহীনতার নানা অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ এবং মফস্বল সাংবাদিকদের সম্মানী না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে হাসিনা আক্তার বলেন, সাংবাদিকদের আইনি সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তথ্য অধিদপ্তর কাজ করছে। তবে ভুয়া ও ফেসবুককেন্দ্রিক সাংবাদিকতা বর্তমানে সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, মিথ্যা তথ্য ও ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়ানো প্রতিরোধে সরকারের বিভিন্ন বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।






