(বগুড়া) প্রতিনিধি:
সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদে লীজ গ্রহীতারা মানববন্ধন করেছে| আজ সোমবার বেলা ১১টায় রেলগেট চত্বরে রেলভূমিতে অবস্থানরত সকল প্রকার লীজ গ্রহীতারা এই মানববন্ধনের আয়োজন করেন| রেলওয়ে লীজ গ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লীজ গ্রহীতা পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, ব্যবসায়ী শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম ও আখতারুজ্জামান প্রমুখ| লীজ গ্রহীতারা বলেন, গত অর্থ বছরে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা হারে জমা প্রদান করা হয়| চলতি ২০২৫-২৬ অর্থ বছরে কর্তৃপক্ষ হঠাৎ বাণিজ্যিক পর্যায়ে রেল ভূমির ভাড়া প্রতি বর্গফুট ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে| সেই সাথে গত অর্থ বছরের ভাড়াও ৮০ টাকা হারে আদায় করবেন বলে জানানো হয়| তারমানে প্রতি বর্গফুটে আরো ৩৫ টাকা অতিরিক্ত জমা প্রদান করতে হবে| এর সঙ্গে লাইসেন্সগ্রহীতাকে ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আয়করও দিতে হবে| এই সিদ্ধান্ত সম্পূর্ণ অমানবিক ও জুলুমের শামিল| বাণিজ্যিক ভাড়ার পাশাপাশি রেলওয়ের কৃষি ভূমির ভাড়াও দ্বিগুণ করা হয়েছে| আগে প্রতি একর কৃষি জমির বার্ষিক ভাড়া ছিল ৬ হাজার টাকা, যা বাড়িয়ে ১৪ হাজার ৪০০টাকা নির্ধারণ করা হয়েছে| এতে কৃষি খাতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন প্রান্তিক চাষিরা| তাদের দাবী, গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমাতে হবে| চলতি অর্থ বছরের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে হবে| এজন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়| সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়েছে| গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া দিয়েছেন, তাদের এ বছর বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে পরিশোধ করতে হবে|






