সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধানে বিকল্প ব্যবস্থা হিসেবে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, মৌলভীবাজার।
এ লক্ষ্যে স্থানীয় অংশীজনদের মতামত গ্রহণের জন্য শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন মো. তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদুজ্জামান।
এ ছাড়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা সভায় অংশ নেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, শ্রীমঙ্গল শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজট প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে বাইপাস সড়ক নির্মাণ একটি সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় উদ্যোগ। তারা প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের আপত্তি নেই বলে মতামত দেন এবং দ্রুত বাস্তবায়নের স্বার্থে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, বাইপাস সড়ক নির্মিত হলে শহরের ভেতর দিয়ে ভারী যানবাহনের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ফলে যানজট হ্রাসের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে। একই সঙ্গে দেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলের পর্যটন শিল্প ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, শ্রীমঙ্গলের উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পও সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সভা শেষে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ের মধ্যে বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে। এতে শ্রীমঙ্গল শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার একটি টেকসই সমাধান নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণে অংশীজনদের সভায়






