মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় মাদক মামলায় মোঃ আক্তার সাজাপ্রাপ্ত (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) দিবাগত রাতে কমলগঞ্জ থানার এএসআই হামিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম কালেঙ্গা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলায় বিজ্ঞ আদালত মোঃ আক্তারকে ১ বছর ৫ মাসের সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আক্তার মৌলভীবাজার সদর উপজেলার দরগা মহল্লার মৃত মশাইদ মিয়ার ছেলে। তিনি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা বাজারের রহিম মার্কেট সংলগ্ন এলাকায় খালিছ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কমলগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৩, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ • ৯ বার পঠিত






